দেশের চলমান পরিস্থিতির মধ্যেও বসে নেই ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। এরই মধ্যে শেষ করেছেন দুটি নাটকের শুটিং। যার একটি সরকারি অনুদানের। চলতি মাসের শুরুর দিকে এতে অংশ নিয়েছিলেন তিনি। এর মধ্যে আরেকটি নাটকের শুটিং করলেও এর প্যাঁচওয়ার্কে অংশ নিয়েছেন গতকাল।
তিনি বলেন, ‘সরকারি অনুদানের যে ফিকশনটি করেছি, সেটার শুটিং ছিল বিক্রমপুরে। ৩ ও ৪ আগস্ট এর শুটিং করেছিলাম। এটি নির্মাণ করেছেন তুষি নামের একজন নির্মাতা। এরপর কিছুদিন আগে আরেকটি নাটকের শুটিং শেষ করলাম। এখনো নতুন কিছু কাজ নিয়ে কথা হচ্ছে, তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আরও একবার স্বাধীনতা অর্জন করল। অনেকেই তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে রাজপথে নেমেছেন। এই প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘আমি আসলে সেই সাহসটুকু পাচ্ছিলাম না। রাজপথে না নামলেও আমি শুরু থেকেই শিক্ষার্থীদের সাপোর্ট করে এসেছি। সোশ্যাল মিডিয়ায় সরব ছিলাম। অনেকগুলো পোস্ট দিয়েছি। তারা তো ন্যায়ের জন্য লড়াই করছিল। একজন শিল্পী হিসেবে, মানুষ হিসেবে তাদের প্রতি আমার সমর্থন ছিল।’
নতুন বাংলাদেশকে কীভাবে দেখতে চান এমন প্রশ্নে প্রিয়ন্তী উর্বী বললেন, ‘অবশ্যই একটি গণতান্ত্রিক ও সুন্দর দেশ হিসেবে দেখতে চাই। আমাদের মতো অনেকেই যারা দেশের পরিবর্তন চাচ্ছেন, তাদেরও বুঝতে হবে যে বললেই সঙ্গে সঙ্গে সব হয়ে যায় না। এক দিনেই তো সুদ, ঘুষ নেওয়া বন্ধ হয়ে যাবে না। একটু সময় লাগবে। সবার আগে আমাদের নিজেদের ঠিক হতে হবে, তারপর সবাইকে সঙ্গে করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি নিজে ঠিক হব এই মনমানসিকতা তৈরি করে চলতে পারলে সবকিছু অটোমেটিকই সমাধান হয়ে যাবে।’
নিজেকে বড় পর্দায় দেখার স্বপ্ন ছিল উর্বীর, সেই লক্ষ্যে গত বছরই নাম লেখান সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেত্রীর দুই সিনেমা ‘সিটি গোল্ড’ ও ‘নীলচক্র’। সিনেমা দুটিতে তার সহশিল্পী একুশে পদকপ্রাপ্ত অভিনেতা আফজাল হোসেন ও চিত্রনায়ক আরিফিন শুভ। দেশের বর্তমান পরিস্থিতিতে মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো কবে প্রেক্ষাগৃহে আসবে, তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।
‘কোথায় পালাবে বলো রূপবান’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘সিনেমাগুলো কবে মুক্তি পাবে, সেটা তো এখনই বলতে পারছি না। এ বছরেই মুক্তি পাওয়ার কথা। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তো কিছুই হবে না। খুব অপেক্ষা করে আছি। “নীলচক্র” সিনেমাটির কাজও তো সম্প্রতি শেষ করলাম। এখানে আমার সঙ্গে যারা ছিলেন, তারা সবাই আমার বেশ প্রশংসা করেছেন, আমি নাকি অনেক ভালো করেছি। “সিটি গোল্ড” কাজটা আমার অনেক পছন্দের এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করতে। নতুন একটা সিনেমা নিয়ে কথা হচ্ছে। সপ্তাহখানেক পর হয়তো একটা আপডেট দিতে পারব।’ মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে এখন অভিনয়েই থিতু হয়েছেন প্রিয়ন্তী উর্বী। নাটক, ওয়েব পেরিয়ে নাম লিখিয়েছেন বড় পর্দায়। সবকিছু ঠিক থাকলেও চলতি বছরেই বড় পর্দায় অভিষেক ঘটতে পারে তার।