গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ফের আলোচনায় আসে ‘আয়নাঘর’। গুমের শিকার রাজনৈতিক কর্মী, সংগঠক ও বিভিন্ন পেশাজীবীর ওই ঘরে (আয়নাঘর) আটকে রাখা হতো বলে জানা যায় গণমাধ্যম সূত্রে। ‘আয়নাঘর’ নামে সিনেমা বানাবেন জয় সরকার। এ সিনেমার অভিনয়শিল্পীদের নাম না জানালেও নায়িকা হিসেবে নির্মাতার পছন্দ ছোট পর্দার নিয়মিত মুখ কেয়া পায়েলকে।
পরিচালক বলেন, ‘আমার প্রথম সিনেমা ‘ইন্দুবালার’ নায়িকা ছিলেন কেয়া পায়েল। তাকে নিয়েই এবারের সিনেমাটি বানাতে চাই। এ ছাড়া আরও তারকা অভিনয়শিল্পীদের দেখা যাবে।’
তিনি আরও বলেন, ‘এখনো কেয়া পায়েলের সঙ্গে কথা হয়নি। সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত সময় পার করছি। আয়নাঘরের কয়েকজনের সঙ্গে কথা বলে গল্প সাজাতে চাই। আমি চাই, সত্যটা উঠে আসুক। শিগগির অভিনেত্রীর সঙ্গে আলোচনায় বসব শিডিউল নিতে।’
এ বিষয়ে পায়েল জানান, এই মুহূর্তে সিনেমা নিয়ে কোনো পরিকল্পনা নেই তার। অভিনেত্রী বলেন, ‘আমিও কয়েকজনের কাছে সিনেমার খবরটি শুনেছি। কিন্তু এ বিষয় নিয়ে আমার সঙ্গে পরিচালক বা প্রযোজক কারও আলোচনা হয়নি। আমি এখন নাটক নিয়েই ব্যস্ত সময় পার করছি। আগামী কয়েক মাসের শিডিউল দেওয়া আছে নির্মাতাদের। এই মুহূর্তে সিনেমা নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই।’ এই অভিনেত্রী আরও জানান, আগামী মাসে তিনটি নাটকের শুটিংয়ে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। সব কটি নাটক পরিচালনা করবেন ওসমান মিরাজ, সহশিল্পী ফারহান আহমেদ জোভান।