নারায়ণগঞ্জের হাজীগঞ্জ-নবীগঞ্জ ঘাটের পাবলিক টয়লেটের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রের সন্ধান পেয়েছে স্থানীয়রা। পরবর্তী সময়ে খবর পেয়ে অস্ত্রগুলো উদ্ধার করে র্যাব-১১। সোমবার রাত সাড়ে ৮টার দিকে পাবলিক টয়লেটের পাশে ময়লা ফেলার স্থানে অস্ত্রগুলো দেখতে পায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবলিক টয়লেটের পাশে একটি ময়লা ফেলার জায়গায় কে বা কারা কিছু সুটকেসের মতো ব্যাগ রেখে গিয়েছিল। এ সময় সন্দেহ হলে সেই বক্সগুলো খুলে আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে র্যাবকে খবর দেয়। পরে র্যাব এসে সেগুলো নিয়ে যায়।
পরে উদ্ধারকৃত অস্ত্রগুলো নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের বলে সনাক্ত করেন ওই ক্লাবের কর্মকর্তা ইমরুল কায়েস। ঘটনাস্থলে গিয়ে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতকারীরা রাইফেল ক্লাব থেকে অস্ত্র লুট করে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলো এই ক্লাবের অস্ত্র বলে তিনি সনাক্ত করেন।
এ বিষয়ে র্যাব-১১-এর এএসপি শাহাবুদ্দিন আহমেদ জানায়, লুট হওয়া আগ্নেয়াস্ত্র এখনো যাদের কাছে আছে তারা দ্রুত প্রশাসনের কাছে জমা দেওয়ার অনুরোধ জানানে যাচ্ছে। প্রয়োজনে তাদের নাম ঠিকানা গোপন রাখা হবে। কারণ এই ধরনের আগ্নেয়াস্ত্র কোনো অপরাধীদের কাছে যেন না যায়।