ক্ষমতাসীন দলের নেতা হিসেবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেপ্টেম্বরে দলের নির্বাচনে তিনি অংশ নেবেন না। অর্থাৎ খুব দ্রুতই নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান।
টোকিওতে বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে ফুমিও কিশিদা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরা।
সংবাদ সম্মেলনে কিশিদা বলেন, এলডিপির নেতৃত্বে একজন নতুন মুখের জন্য সময় এসেছে এবং তিনি তাদের নেতৃত্বকে পুরোপুরি সমর্থন করবেন।
কিশিদা সাংবাদিকদের বলেন, “এই নির্বাচনে জনগণকে দেখাতে হবে যে এলডিপি পরিবর্তন হচ্ছে এবং দলটি নতুন নেতৃত্ব দেখতে পাবে।“
আগামী সেপ্টেম্বর মাসেই লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট হিসেবে কিশিদার মেয়াদ শেষ হবে। কিশিদার পদত্যাগের সিদ্ধান্তে এলডিপির প্রধান হিসেবে কে তার জায়গা নেবেন তা নিয়ে শুরু হতে পারে প্রতিযোগিতা।
জাপানের প্রধানমন্ত্রী হিসেবে ২০২১ সালের অক্টোবরে দায়িত্ব নেন কিশিদা। তিন বছরের এই শাসনামালে তিনি দেশের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করা ছাড়াও করোনো মহামারি সামাল দিয়েছেন। তবে মূল্যবৃদ্ধি ও রাজনৈতিক কেলেঙ্কারির কারণে সমালোচিতও হয়েছেন।