কুমিল্লায় পিকআপ ভ্যানের চাপায় নৈশপ্রহরীর মৃত্যু

কুমিল্লার লালমাইয়ে পিকআপ ভ্যানের চাপায় জয়নাল আবেদীন (৫০) নামের এক নৈশপ্রহরী মৃত্যু হয়েছে। বুধবার (১৪ আগস্ট) কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের ভুশ্চি দক্ষিণ বাজারে কেন্দ্রীয় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন উপজেলার ভুলইন উত্তর ইউপির চন্দ্রপুর গ্রামের মৃত জব্বর আলীর ছেলে। 

ভুশ্চি বাজারের ব্যবসায়ী ইমরান হোসেন বলেন, বুধবার সকালে তেরপাল মোড়ানো একটি একটি পিকআপ ভ্যান বাগমারা থেকে বাঙ্গড্ডার দিকে যাচ্ছিল। নৈশপ্রহরী জয়নাল গাড়িটি থামাতে সিগনাল দেন। কিন্তু চালক গাড়ি না থামিয়ে নৈশপ্রহরী জয়নালকে চাপা দিয়ে চলে যায়। এতে তার দুটি পা ভেঙে যায়। পরে বাজারের ব্যবসায়ীরা তাকে গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভুলইন উত্তরের ইউপি মেম্বার বাচ্চু মিয়া বলেন, নিহত জয়নাল আবেদীনের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল। তার তিন স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে। তার দুর্ঘটনাজনিত মৃত্যুতে পরিবারের সদস্যরা পথে বসার অবস্থা হয়েছে।

এ বিষয়ে ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, অজ্ঞাত একটি পিকআপ ভ্যানের চাপায় ভুশ্চি বাজারের নৈশপ্রহরী জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বাজারের ব্যবসায়ীরা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।