ক্ষমতার পালাবদলের পর নিরাপত্তাজনিত কারণে গত ১০ দিন ধরে পৌরসভায় অনুপস্থিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম কবির মোল্লা। তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে পৌরসভায় প্যানেল মেয়র, এমনকি কোনো কাউন্সিলরকেও দেখা মিলছে না। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরের দিকে ধামরাই পৌরসভায় গিয়ে দেখা যায়, দুর্বৃত্তদের হামলায় মেয়র গোলাম কবিরের ব্যবহৃত গাড়ি, ময়লা বহনের ট্রাক ও ভ্যান ধ্বংস হয়ে গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক কর্মকর্তা বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর মেয়র গোলাম কবির মোল্লা আত্মগোপনে চলে গেছেন। কাউন্সিলররাও কেউই অফিসে আসছেন না। এতে সেবা নিতে আসা লোকজনরা জনপ্রতিনিধিদের না পেয়ে ফিরে যাচ্ছেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেন বলেন, পৌরসভার কার্যক্রম সম্পূর্ণ বন্ধ। মেয়র, কাউন্সিলর কেউই নেই। কম্পিউটার, ইন্টারনেট না থাকায় নাগরিক সেবাও বন্ধ রয়েছে।