রিল বানানোয় শিক্ষিকাকে চড় দিলেন সহকর্মী!

ক্লাসে শিক্ষার্থীদের নিয়ে রিল বানাচ্ছিলেন শিক্ষিকা। বিষয়টি দেখে পুরুষ সহকর্মী এসে প্রতিবাদ শুরু করেন। শুরু হয় বাকবিতণ্ডা। কিছুক্ষণ পর তর্ক গড়ায় হাতাহাতিতে। এরপর স্কুল প্রাঙ্গণেই একে অপরকে চড়-থাপ্পড় মারতে শুরু করে দেন দুই শিক্ষক। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের এক সরকারি স্কুলের।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যালে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একজন শিক্ষিকা ও তার পুরুষ সহকর্মীর মধ্যে হাতাহাতি চলছে। দুজনেই একে অপরকে চড় মারছেন। কেউই কারও চেয়ে কম যাচ্ছেন না।

ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। ক্ষুব্ধ জনতা প্রশ্ন তুলেছেন সরকারি স্কুলের ব্যবস্থাপনা নিয়েও। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি।

জানা গেছে, স্কুলটি উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার রাজাপুর থানা এলাকায়। ওই স্কুলেই সহকারী শিক্ষক হিসেবে কাজ করেন দুজন। ঘটনার দিন ছাত্রছাত্রীদের নিয়ে রিল বানাচ্ছিলেন শিক্ষিকা। তখনই বিষয়টি তার সহকর্মীর চোখে পড়ে। এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।