কারাবিধি (জেলকোড) অনুসরণ করে কারাগারে থাকা আসামিদের সঙ্গে তার আত্মীয়-স্বজন ও আইনজীবীদের দেখা করার সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সুযোগ সাময়িকভাবে স্থগিত করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতার রিটের প্রাথমিক শুনানি শেষে বুধবার (১৪ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশে ওই প্রজ্ঞাপন স্থগিত করে রুল জারি করা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, তোবারক হোসেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী জামিউল হক ফয়সাল ও ব্যারিস্টার প্রিয়া আহসান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।
পরে ব্যারিস্টার সারা হোসেন ও আইন তোবারক হোসেন জানান, গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বলা হয়, কারা বন্দিদের সঙ্গে দর্শনার্থীদের সাক্ষাৎ সাময়িকভাবে স্থগিত করা হলো। অথচ আমাদের সংবিধানে বলা হয়েছে, প্রত্যেক বন্দীর আইনজীবীর সঙ্গে কথা বলার অধিকার আছে। জেল কোডে আছে, কে কত সময় পর্যন্ত দেখা করতে পারবে। সেটা তোয়াক্কা না করে সুবিধাটা সাময়িকভাবে স্থগিত করা হয়। কিন্তু সেটা এখনো বাতিল না হওয়ায় রিট করা হয়।