রংপুরে শেখ হাসিনার বিচার চেয়ে যুবদলের বিক্ষোভ 

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় বুধবার (১৪ আগস্ট) রংপুরে শেখ হাসিনার বিচার চেয়ে যুবদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।  

এদিন দুপুরে শহরের সিটি বাজারের সামনে অবস্থান কর্মসূচি পালন করে রংপুর মহানগর যুবদল। এর আগে রংপুর নগরীর গ্রান্ড হোটেলের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি বাজারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন—রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ। 

বক্তব্যে তারা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা, ইলিয়াস আলীসহ কয়েকশ মানুষকে গুমের অভিযোগে শেখ হাসিনা ও তার সহযোগীদের ফাঁসির দাবি জানান।