চলমান খেলোয়াড় নিবন্ধনের (দলবদল) সময় বাড়ানোর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুরোধে না বলে দিয়েছে ফুটবলের বিশ্ব নিয়ন্তা সংস্থা ফিফা। তাই ১৯ আগস্টেই শেষ হয়ে যাবে দলবদলের সুযোগ। বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাফুফের আবেদনে ফিফা রাজি না হওয়ায় দলগুলোর জন্য দল গোছানোর কাজটা কঠিন হয়ে উঠবে।
রাজনৈতিক পটপরিবর্তন, বিভিন্ন ক্লাবে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের কারণে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো দল গঠন নিয়ে বিপাকে পড়েছে। আর্থিক অনিশ্চয়তায় দলবদলে অংশ নেওয়াই তাদের জন্য কঠিন।
ফিফা সব সময় একটি নির্দিষ্ট উইন্ডোর মধ্যে খেলোয়াড় নিবন্ধন শুরু ও শেষ করা সমর্থন করে। তাই আবেদন করার আগেই বাফুফে জানত, খুব একটা লাভ হবে না। তারপরও দেশের সার্বিক পরিস্থিতি জানিয়ে ফিফার কাছে ১ জুন শুরু হওয়া দলবদলের সময় বাড়ানোর বিশেষ আবেদন করেছিল বাফুফে। তবে তাতে না বলে দিয়েছে ফিফা।
বিষয়টি নিশ্চিত করে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘প্রথম ও দ্বিতীয় উইন্ডো মিলিয়ে ফিফা ১৬ সপ্তাহ সময় নির্ধারণ করে দিয়েছে। আমরা প্রথম উইন্ডো খোলা রেখেছি সব মিলিয়ে ১১ সপ্তাহ ২ দিন। তবে দেশের এই পরিস্থিতির জন্য ক্লাবগুলো কথা চিন্তা করে ফিফাকে বলেছিলাম এবারের জন্য দলবদলের সময় কিছুটা বাড়াতে। তবে তারা আমাদের অনুরোধে অসম্মতি জানিয়েছে। যে করেই হোক ক্লাবগুলোকে ১৯ আগস্টের মধ্যে দল গঠনের আনুষ্ঠানিকতা সারতে হবে।’
শেখ হাসিনা সরকার পতনের পর ছয়বারের শিরোপাধারী আবাহনী লিমিটেড, তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ও ফর্টিস এফসি ক্লাবে হামলা হয়। এ ছাড়া বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও পৃষ্ঠপোষকরাও রাজনৈতিক কারণে রয়েছেন বেকায়দায়। সব মিলিয়ে দল গড়াই অনেক ক্লাবের জন্য কঠিন হয়ে পড়েছে।