‘সন্ত্রাসীদের’ ঠেকাতে রাতে ঢাবিতে মিছিল

১৫ আগস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ‘সন্ত্রাসীদের’ প্রবেশ ঠেকাতে শান্তি মিছিল ও অবস্থান করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা আলাদা মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা— ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা/সন্ত্রাসীরা গেলি কই?; কোথায় গেলি খুনিরা, কই গেল তোর বাপেরা; জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে; লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে; ফাঁসি চাই ফাঁসি চাই, খুনী হাসিনার ফাঁসি চাই; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না; একশন একশন, ডাইরেক্ট একশন’— ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

অমর একুশে হলের শিক্ষার্থী হাসিব বলেন, আগামীকাল যেন আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে সেজন্য আমরা আজকে বের হয়েছি। আমরা সারা রাত হল গেটে অবস্থান করবো। তাছাড়া আগামীকাল সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচির মাধ্যমে আমরা স্বৈরাচারের দোসরদের রুখে দেব।

শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের এক শিক্ষার্থী বলেন, আমরা আজকে সন্ত্রাসীদের রুখে দিতে আজকে বিক্ষোভ করছি। আমরা প্রয়োজনে সারা রাত ক্যাম্পাসে অনস্থান করবো তবুও আওয়ামী ‘সন্ত্রাসীদের’ ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দিবো না। আগামীকাল ‘সন্ত্রাসী লীগের’ ক্যু চেষ্টাকে আমরা রুখে দেব।