কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) অভিযোগকারীর আইনজীবী গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। সাত দিনের দিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে বলেও নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।
এর আগে গত ১৪ আগস্ট আন্দোলনকে ঘিরে গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলকসহ ১০ জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়।