ঋণের দায়ে বিপাকে বলিউড অভিনেতা রাজপাল যাদব। অনাদায়ী ঋণের কারণে ভারতের কেন্দ্রীয় ব্যাংক থেকে সিল করা হয়েছে অভিনেতার শাহজাহানপুরের কাছারির কাছে শেঠ এনক্লেভ কলোনিতে অবস্থিত একাধিক সম্পত্তি।
অভিযোগ, অভিনেতা একটি সম্পত্তি ক্রয়ের জন্য তার শাহজাহানপুরের একাধিক সম্পত্তি বন্ধক দিয়ে প্রায় ৩ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু অভিনেতা ঋণ মেটাতে ব্যর্থ হলে তার সম্পত্তি সিল করা হয়। রাজপাল যাদব তার বাবা-মায়ের নামে ‘শ্রী নৌরঙ্গ গোদাবরি এন্টারটেইনমেন্ট লিমিটেড’ নামে একটি প্রোডাকশন হাউজ প্রতিষ্ঠা করেছিলেন, যার জন্য তিনি তার সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক রেখেছিলেন। আর অভিনেতার এই প্রোডাকশন হাউজটির আনুষ্ঠানিকভাবে মালিক করা হয়েছে অভিনেতার স্ত্রী রাধা যাদবকে।
অভিনেতার নির্মিত সিনেমাটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন রাজপাল যাদব এবং প্রয়াত অভিনেতা ওমপুরি। ছবিটিতে শাহজাহানপুরের স্থানীয় শিল্পীরাও ছিলেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, যাদব বান্দ্রা কুরলা কমপ্লেক্সে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার মুম্বাই শাখা থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন, তাই তার ঋণের পরিমাণ বেড়েছে ১১ কোটি টাকা। তাই গত ৮ আগস্ট, কেন্দ্রীয় ব্যাংক পুলিশ নিয়ে সম্পত্তি সিল করে দিয়েছে।
এমনকি দলটি রাজপাল যাদবের বিল্ডিং বন্ধ করার সময়ে বিল্ডিংয়ের ভেতরে চলমান কুলারটি বন্ধ না করে গেটে তালাও ঝুলিয়ে দেন। এমনকি মজার বিষয় হলো, সোমবার, কোনো অফিশিয়াল নোটিস বা ব্যানারে সম্পত্তির ওপর ব্যাংকের দাবির ঘোষণার কোনো চিহ্ন ছিল না। যদিও নিরাপত্তা সহায়তার জন্য ব্যাংকের আগে অনুরোধ করা সত্ত্বেও স্থানীয় পুলিশ রাজপাল যাদবের সম্পত্তি সিল করেননি। তাই সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার স্থানীয় শাখার ব্যবস্থাপক মনোজ নিশ্চিত করেছেন যে, মুম্বাই থেকে উদ্ধারকারী দল সিল করার কাজটি করেছে।
যদিও ব্যাংকের বেরেলির ডিআরএম এসকে সবরওয়াল এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে আইনি বিপাকে এই প্রথম নয়, এর আগেও ২০১০ সালে, তিনি আতা পাতা লাপাতা চলচ্চিত্রটি নির্মাণের জন্য মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের পরিচালক মাধব গোপাল আগরওয়ালের কাছ থেকে ৫ কোটি টাকা ধার নিয়েছিলেন।
আর এই টাকাও পরিশোধ করতে ব্যর্থ হয়েছিলেন তিনি, তখন তার ঋণ বেড়ে ১০ কোটি টাকা হয়েছিল। এরপর এ বিষয়ে একটি চেক বাউন্স হওয়ায়, তাকে জেলে পাঠানো হয়েছিল। মে মাসে, দিল্লির করকারডুমা আদালত যাদবকে ১৪ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়।