হাসিনাকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে: দুলু

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করে ভারতে পালিয়ে গেছে শেখ হাসিনা। বর্তমান সরকারের কাছে দাবি এই খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে নাটোরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যে ভোটে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করবেন, যে ভোটে তারেক রহমান, ডা. জোবাইদা রহমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলু অংশগ্রহণ করতে পারবে সে ভোট বাংলাদেশে হবে। এ ভোটের জন্যই তো আমরা আন্দোলন-সংগ্রাম করেছি।

তিনি আরও বলেন, এই গণহত্যার যিনি মূল হোতা তিনি ভারতে রয়েছেন। সরকারের কাছে অনুরোধ এ হত্যকারিনী শেখ হাসিনাকে অতিদ্রুত দেশে ফেরত নিয়ে এসে জাতির সামনে বিচার করতে হবে।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, নাটোর পৌর সভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ নেতৃবৃন্দ।