রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট রশিদুল আলমের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তের জন্য এদিন এই তিনজনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হয়।
পল্টন মডেল থানার ওসি সেন্টু মিয়া বলেন, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের পরে এই তিনজনকে আদালতে তোলা হবে।
এর আগে গতকাল বুধবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর এ তিন নেতাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।