আড়াইহাজারে গোপালদী নজরুল ইসলাম বাবু কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেনের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা জড়ো হয়ে কলেজর সামনে রাস্তাসহ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে।
এ সময় শিক্ষার্থীরা, ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ’, স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে গোপালদী সড়কে যানজট তৈরি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, শেখ হাসিনা সরকার পদত্যগের আগে নানান সময় ক্লাস থেকে জোর করে ডেকে নিয়ে রাজনৈতিক প্রোগ্রাম অংশগ্রহণ করে বিভিন্ন মিছিল মিটিংয়ে ছাত্র এবং ছাত্রীদের যাওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন। বিগত দিনের কোটা আন্দোলনে অংশগ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন।
এছাড়া মুসলিম মেয়েদের কলেজে বোরকা পড়তে ও পর্দা করতে নিষেধ করতেন। গরিব ও মেধার ভিত্তিতে উপবৃত্তি না দিয়ে রাজনৈতিক ব্যক্তিদের সন্তানদের উপবৃত্তি দেওয়া হতো। উপবৃত্তির জন্য গরিব ছাত্রদের বাবা-মা কলেজে আসলে তাদের সাথে খারাপ আচরণ করত ও কেউ অতিরিক্ত কথা জিজ্ঞেস করলে এইচএসসি পরীক্ষায় আটকে দেওয়ার হুমকি দিতো।
তারা আরও জানান, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে কলেজটির সাধারণ শিক্ষার্থীরা। এই বিষয়ে অধ্যক্ষ আলমগীর হোসেনের মোবাইলে ফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।