গণহত্যার বিচার চেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান কর্মসূচি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা পুরো শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তাৎক্ষণিকভাবে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ ঢাবি শাখার অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন বলেন, আমরা আজ শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে ছাত্র-জনতার হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দাবি করছি। গত ১৫-১৬ বছরের সকল হত্যাকাণ্ড, গুম, খুন নির্যাতনের বিচার দাবি করছি। সন্ত্রাসী মুক্ত ক্যাম্পাস বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যেতে চাই। অবস্থান কর্মসূচি শেষে আমরা দেখি শহীদ মিনার প্রাঙ্গণ আবর্জনায় ভরে আছে। তাই তাৎক্ষণিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করি।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, আমরা কর্মসূচি শেষে ফেরার পথে ভাবলাম এই পবিত্র অঙ্গণটা পরিষ্কার করা দরকার। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযান করি। এতে অন্যান্য ইউনিটের নেতাকর্মীরাও যোগ দেন। নৈতিক দায়িত্ব থেকে আমরা এই কাজটি করেছি।
এর আগে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। এতে ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে বক্তৃতা, কবিতা আবৃতি ও প্রতিবাদী গান পরিবেশন করা হয়।