স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণ দিয়ে রেকর্ড গড়লেন মোদি

দেশের ৭৮তম স্বাধীনতা দিবসে দীর্ঘতম ভাষণ দিয়ে রেকর্ড গড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার সকালে টানা ৯৮ মিনিট ভাষণ দেন মোদি। এর আগে ২০১৬ সালে মোদি ৯৪ মিনিট ভাষণ দিয়েছিলেন। এবারের আগে সেটাই ছিল দীর্ঘতম ভাষণের রেকর্ড। তার ক্ষুদ্রতম ভাষণ ৫৬ মিনিটের। সেটা ২০১৭ সালে দেওয়া।

এছাড়া টানা ১১ বার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। একদিকে মনমোহন সিংকে টপকে তৃতীয় প্রধানমন্ত্রী হিসাবে লালকেল্লায় পতাকা উত্তোলন করেন তিনি। অন্যদিকে স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী হিসাবে দীর্ঘতম ভাষণ, দুই রেকর্ডই মোদির নামের পাশে।

প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশিবার লালকেল্লায় ভাষণ দিয়েছিলেন জওহরলাল নেহরু। লালকেল্লায় মোট ১৭ বার ভাষণ দিয়েছেন তিনি। স্বাধীন দেশের প্রথম ভাষণও দেন নেহেরুই। ইন্দিরা গান্ধী ১৯৬৬ থেকে ১৯৭৭ এবং পরে ১৯৮০ থেকে ১৯৮৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তিনি মোট ১৬ বার লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পর দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন। সবচেয়ে বেশিবার ভাষণ দেওয়া প্রধানমন্ত্রীদের নিরিখে মোদি এখন তৃতীয় স্থানে। ২০১৪ সাল থেকে টানা ১১ বার লালকেল্লায় ভাষণ দিলেন মোদি। তিনি টপকে গেলেন মনোমোহন সিংকে। 

এবারের স্বাধীনতা দিবসের ভাষণে চমকের পথে না হেঁটে তার সরকারের মূল লক্ষ্যগুলোকে নতুন মোড়কে তুলে ধরেন নরেন্দ্র মোদি। লালকেল্লায় দাঁড়িয়ে ফের স্বপ্ন দেখান ‘বিকশিত ভারতে’র। স্বপ্ন দেখান ‘বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ’ হিসাবে ভারতকে গড়ে তোলার।