শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইনজামুল হক সুমন (৩৪) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরোহী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হন।
নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। এসময় পদ্মা সেতুতে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয় আতিক হাসান। এদিকে দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়ে লাইভের ভিডিওতে।
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি শেখ শরিফুল আলম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগলে এক ব্যক্তির মৃত্যু হয়। তাছাড়া এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।