বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গিয়ে পায়ে গুলি লাগে তরুণ মো. বেল্লাল ইসলামের (২০)। চিকিৎসায় কিছুটা সুস্থ হলেও এখনও হাটতে পারছেন না তিনি। চিকিৎসকরা উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। তার এই অবস্থা যেন মরার উপর খারার গা।
ছাত্রদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন তিনি। ছাত্রদের ডাকা সব কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সর্বশেষ ৫ আগস্ট (সোমবার) সকালে প্রগতি সরণির মেরুলবাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে তিনি গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাঁর দুই পায়েই গুলি লাগে।
বেল্লালের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া গ্রামে। ২০২২ সালে এইচএসসি পাসের পর আর্থিক অনটনে স্নাতকে (বিএ) ভর্তি হওয়া হয়নি বেল্লালের। তবে উচ্চশিক্ষিত হওয়ার ইচ্ছা নিয়ে মাস ছয়েক আগে ঢাকায় গিয়েছিলেন। ছোটখাটো কাজ করে নিজের পড়াশোনার খরচ জোগাড়ের পাশাপাশি পরিবারের আয়ের সহযোগী হওয়ার চেষ্টা করছিলেন। রামপুরা টেলিভিশন ভবন এলাকার একটি নার্সিং হোমে চাকরি করছিলেন বেল্লাল।
বেল্লাল বলেন,‘ ডান পায়ের হাঁটুর নিচে বন্ধুকের গুলি ও বাঁ পায়ের গোড়ালির ওপরের অংশে ছররা গুলি লাগে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়িতে এসে স্থানীয় একটি ফার্মেসিতে গিয়ে ড্রেসিং করাচ্ছেন ও ওষুধ খাচ্ছেন। ওষুধ কিনতেও তাঁর বাবার হিমশিম খেতে হচ্ছে। ডান পায়ে যে গুলি লেগেছে, তা রাবার বুলেট কিংবা ছররা গুলি নয়। এ কারণে তাঁর এখন উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু সংসারের অভাবের কারণে তা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, ‘ভয় হয়, পঙ্গু হয়ে গেলে চলমু কেমনে? দেখবে কে?’
বেল্লালের বাবা মো. আলাউদ্দিন গাজী পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। মা সোসা. নাজমা বেগম গৃহিণী। এক ভাই ও এক বোনের মধ্যে বেল্লাল ছোট।
আলাউদ্দিন গাজী বলেন, ‘একমাত্র ছেলে বেল্লালের ইচ্ছা ছিল পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়ে চাকরি করবে, সংসারের হাল ধরবে। কয়েক মাস আগে ঢাকায় যায়। অল্প বেতনে একটি চাকরিও পেয়ে যায় বেল্লাল। কিন্তু ছেলে যে ছাত্র আন্দোলনে গেছে, তা তাঁরা জানতেন না।’
বেল্লালের মা নাজমা বেগম বলেন, ‘অর গুলি লাগোনের কথা হুইনা যেন আসমান ভাইঙ্গা মাথায় পড়ছে। অভাবের সংসার, ওর বাপ আর আমিও অসুস্থ। বিছানায় ব্যথায় কাতরাচ্ছে পোলাডায়। এ্যাহন অরে ভালো চিকিৎসা করানোর কোনো টাহা-পয়সা আমাগো হাতে নাই।’