খালেদা জিয়াকে শিগগির বিদেশে নেওয়া হবে: মির্জা ফখরুল

দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শিগগির বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

এসময় তিনি বলেন, “খালেদা জিয়ার মতো বিশ্বের আর কোনো নেত্রী গণতন্ত্রের জন্য এমনভাবে লড়াই-সংগ্রাম করেননি। তিনি ঘর থেকে বের হয়ে এসে স্বৈরাচারের হাত থেকে দলকে রক্ষা করেছেন। আন্দোলন করে সেই স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি দলের জন্য যা করেছেন তা অনুসরণ করা দরকার। তিনি সবসময় সাহসে অবিচল ছিলেন।”

মির্জা ফখরুল আরও বলেন,”আল্লাহ যদি রহম করেন, তিনি আমাদের মাঝে ফিরে আসবেন। ম্যাডামের ( খালেদা জিয়া) জন্য সবাই দোয়া করবেন।”

তিনি আরও বলেন, “আমরা ভাসমান অবস্থায় আছি। ভারতে বসে শেখ হাসিনা যেকোনো ষড়যন্ত্রের সুযোগ নিতে পারেন। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সংখ্যালঘুদের দিয়ে একটা চক্রান্ত করতে চেয়েছিলেন, পারেননি। জনগণ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করেছে।”

এসময় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মির্জা ফখরুল বলেন, “কোনো দুষ্কৃতকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য, প্রত্যেক এলাকায় শান্তি বিগ্রেড তৈরি করতে হবে। মসজিদ, মন্দিরসহ সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠানে নিরাপত্তা দেবেন। আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।” 

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদ, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আসাদুজ্জামান রিপন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, খাইরুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।