ধানমন্ডিতে বিবস্ত্র ও মারধরের ঘটনা মানবাধিকার লঙ্ঘন: সারজিস

ধানমন্ডি ৩২ নম্বরসহ ঢাকার বিভিন্ন জায়গায় মানুষকে বিবস্ত্র করা এবং গায়ে হাত তোলার মতো ঘটনাগুলো যারা ঘটিয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার (১৬ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, ‘ভাইরাল ভিডিওতে দেখেছি যে আমার বাবার বয়সী মানুষদের কান ধরে ওঠবস করানো, বিবস্ত্র করার মতো ঘটনাও ঘটেছে। এছাড়াও অসংখ্য মানুষের ফোন চেক, আমার মায়ের বয়সী একজনের গায়ে হাত তোলা হয়েছে এবং সাংবাদিক ভাইবোনদের ওপর হামলার বিভিন্ন ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। এমন অসংখ্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।’

এসময় তিনি আরও বলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তাই এসবের সঙ্গে সমন্বয়ক বা অন্য কেউ জড়িত থাকলে বহিষ্কার এবং ব্যবস্থা নেয়া হবে।’

সারজিস আরও বলেন, ‘আমরা ১৫ আগস্ট রাষ্ট্রীয় আয়োজনে শোক দিবস পালনের পক্ষে না। তবে কেউ ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করতে চাইলে তাকে সম্মান জানাতে হবে।’

সারজিস আলম বলেন, ২০১৩ সালে ক্ষমতাসীন আওয়ামী লীগ পুলিশের মাধ্যমে হেজাফতে ইসলামের সমাবেশের সময় কান ধরে ওঠবস করানোর মতো অসদাচরণমূলক কাজ শুরু করেছিল। তবে ১৫ আগস্ট কান ধরে ওঠবস করানো ও মোবাইল চেক করাসহ ঘটে যাওয়া কিছু বিতর্কিত কাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও সমর্থনযোগ্য নয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সারজিস আলম।