আগামী ২০৩৬ সালের অলিম্পিক আয়োজন করতে চায় ভারত। অলিম্পিক আয়োজনের জন্য প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে দেশটি। রাজধানী দিল্লির লাল কেল্লায় ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই স্বপ্নের কথা জানিয়েছেন।
ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ আমাদের মধ্যে ভারতের সেই যুবারা উপস্থিত, যারা অলিম্পিকে ভারতের পতাকা ওপরে তুলে ধরেছেন। আমি ১৪০ কোটি ভারতবাসীর অন্তরের অন্তঃস্থল থেকে তাদের অভিনন্দন জানাই। যারা প্যারালিম্পিকে অংশ নেবেন, তাদেরও শুভেচ্ছা জানাই।’
অলিম্পিক আয়োজন প্রসঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর কথা, ‘আমরা কিছু দিন আগে জি২০ সম্মেলন করেছি। রাষ্ট্র হিসেবে এ ধরনের আয়োজনের সক্ষমতা ভারত বিশ্বের সামনে প্রমাণ করেছে। ভারত এখন স্বপ্ন দেখে ২০৩৬ সালে অলিম্পিক গেমস আয়োজনের। এ ব্যাপারে প্রস্তুতিও শুরু করেছি আমরা।’
এ মাসের শুরুতে ভারতের লোকসভায় কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ধবিয়া এ ব্যাপারে এক প্রশ্নের জবাবে অলিম্পিক আয়োজনের প্রস্তুতি ও ভাবনার কথা জানিয়েছিলেন। অলিম্পিক আয়োজনের দায়িত্ব কোন দেশ বা শহরকে দেওয়া হবে, সেটি ঠিক করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তাদের আরেকটি অঙ্গ সংস্থা ফিউচার হোস্ট কমিশন (এফএইচসি) আইওসির পক্ষে বিষয়টি নির্ধারণ করে।