জানা গেল খালেদ মুহিউদ্দীনের নতুন কর্মস্থল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে প্রকাশিত সংবাদপত্র ‘ঠিকানা’–তে যোগ দিয়েছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই বাংলা সংবাদপত্রে যোগ দেন বলে জানা গেছে। 

ঠিকানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন এ  তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক খালেদ মুহিউদ্দীন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন মোবাইল টেলিকম কোম্পানি রিভারটেল ও ঠিকানা পরিবারে যোগ দিয়েছেন।

নিউইয়র্ক থেকে প্রকাশিত এবং বহির্বিশ্বে সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র ঠিকানা দীর্ঘ ৩৫ বছর ধরে গর্বের সঙ্গে বাংলাদেশি কমিউনিটি গঠনে কাজ করে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে ঠিকানার অনলাইন ভার্সন ও ডিজিটাল প্ল্যাটফর্ম চালু রয়েছে। অন্যদিকে, রিভারটেল হলো যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মালিকানাধীন মোবাইল টেলিকম কোম্পানি।

এর আগে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগের দায়িত্বে ছিলেন খালেদ মুহিউদ্দিন। সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান ছিলেন তিনি। পাশাপাশি ডয়চে ভেলের বিশেষ টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’–এর উপস্থাপনাও করতেন।