সবশেষ দুই মৌসুমেই দেখা গেছে, শেষ সময়ে আর্সেনালের কাছ থেকে প্রিমিয়ার লিগের শিরোপা যেন ম্যানচেস্টার সিটি কেড়ে নেয়। গত মৌসুমেও সেটা দেখা গেছে। এবার যেন সেটা উল্টো হয়, এজন্য গানার্স ফুটবলারদের অন্যরকম এক শিক্ষা দিয়েছেন কোচ মিকে আরতেতা। পকেটমার ভাড়া করে খেলোয়াড়দের মূল্যবান জিনিস চুরি করিয়ে শিষ্যদের শিখিয়ে দিয়েছেন এবারের মৌসুমে আর্সেনাল যেন ম্যানচেস্টার সিটির কাছ থেকে লিগ শিরোপা চুরি করে নিতে পারে!
পরপর দুই মৌসুমে নাগালে থাকা ট্রফি খুইয়ে ফেলায় আরতেতা এবার মাঠে ও মাঠের বাইরের সম্ভাব্য সব বিষয়ে খেলোয়াড়দের ট্রফিমুখী রাখতে মনোযোগী। আর এটি মাথায় রেখেই খেলোয়াড়দের মূল্যবান এক শিক্ষা দিতে আর্সেনালের স্প্যানিশ কোচ অভিনব এক পরিকল্পনার বাস্তবায়ন ঘটিয়েছেন।
এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সুনির্দিষ্ট সময়ের উল্লেখ না করে খবরে বলা হয়, আরতেতা আর্সেনাল খেলোয়াড়দের রাতের খাবারের সময় এক দল পেশাদার পকেটমার ‘ভাড়া’ করেছিলেন। তাদের দায়িত্ব ছিল খেলোয়াড়দের ফোন এবং ওয়ালেট চুরি করা। খাবার শেষে আরতেতা খেলোয়াড়দের বলেন, তারা যেন পকেট খালি করেন। ওই সময় পকেটে হাত দিয়ে তারা বুঝতে পারেন, সেসব মূল্যবান জিনিস খোয়া গেছে।
এই ঘটনার মাধ্যমে খেলোয়াড়দের মাঠ ও মাঠে বাইরে সর্বাবস্থায় সতর্ক ও সাবধানী থাকার শিক্ষা দিতে চেয়েছেন আর্সেনাল কোচ, এমনটাই লিখেছে এএফপি। সর্বশেষ দুই মৌসুমে সম্ভাবনা জাগিয়েও ট্রফি জিততে না পারার বিষয়টি মাথায় রাখতেও বলেছেন আরতেতা, ‘আমি ওটা ভুলে যেতে চাই না। আমাদের মধ্যে ওই যন্ত্রণাটা থাকা দরকার, আমরা যা অর্জন করতে চাই তার জন্য ক্ষুধাটা থাকা দরকার। কারণ, এই প্রতিযোগিতটা অবিশ্বাস্য।’
২০২৪–২৫ মৌসুমে লিগ ট্রফি জিততে নিজেদের সর্বোচ্চটা দিয়েই দল ঝাঁপিয়ে পড়বে বলে আশাবাদী আরতেতা, ‘আপনি যদি বিশ্লেষণ করেন, গত ১১ মাসে প্রিমিয়ার লিগে কী করেছি এবং পরিসংখ্যান দেখেন, তাহলে বলবেন যে আমাদের ট্রফি জেতা উচিত ছিল। বাস্তবতা হচ্ছে আমরা জিততে পারিনি। সুতরাং আমাদের এমন কিছু করতে হবে যেটা ম্যানচেস্টার সিটি এবং এর আগের অন্য ক্লাবগুলো করেছে। আমার মনে হয় ওই পার্থক্যগুলো আমরা বুঝতে পারছি। বড় ট্রফি জেতার ক্ষেত্রে ১০ শতাংশ, ৫ শতাংশ এমনকি ১ শতাংশই কিন্তু পার্থক্য গড়ে দেয়।’
৪২ বছর বয়সী আরতেতার এ সব উদ্ভাবনী ভাবনার চূড়ান্ত ফসল আর্সেনাল পায় কিনা সেটাই দেখার বিষয়। মৌসুমে তাদের প্রথম ম্যাচ খেলবে আগামীকাল উলভসের বিপক্ষে।