কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্রসহ তিন রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ২টি ওয়ান শুটারগান, একটি রিভালভার, তিন রাউন্ড রাইফেলের গুলি, চার রাউন্ড পিস্তলের গুলি এবং তিন রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
শুক্রবার (১৬ আগস্ট) ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালুরমাঠ পুলিশ ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন ৭ নম্বর ক্যাম্প, ব্লক-জি’র মো. সিদ্দিকের ছেলে মো. রহিম (২৪), ১৮ নম্বর ক্যাম্প, ব্লক-এম/১০’র সাবের আহমদের ছেলে মোহাম্মদ নুর (২৭), ৬ নম্বর ক্যাম্প, সি/৬’র মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)।
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল বলেন, বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি অস্ত্র-গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ ফয়েজের বিরুদ্ধে হত্যা সহ চারটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।