‘অশোভন আচরণে জড়িত সেনাসদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সেনাসদস্যদের দ্বারা জনসাধারণের সঙ্গে অশোভন আচরণের তথ্য বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাসদস্য কর্তৃক কতিপয় ব্যক্তির সঙ্গে অশোভন আচরণের কয়েকটি ভিডিওচিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের ঘটনা সম্পূর্ণরূপে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত, যা বাংলাদেশ সেনাবাহিনী কখনোই সমর্থন করে না।

উল্লেখ্য, দোষী সেনাসদস্যদের শনাক্ত করার কার্যক্রম প্রক্রিয়াধীন। তথ্য উপাত্ত বিশ্লেষণে প্রাপ্ত দোষী সেনাসদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: বাসস