ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৬ আগস্ট) মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদি এ কথা জানান।
নরেন্দ্র মোদি লেখেন,‘ প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছ থেকে একটি টেলিফোন কল পেয়েছি। বিরাজমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।’
তিনি আরও লেখেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একইসঙ্গে ড. ইউনূস বাংলাদেশের হিন্দু ও সকল সংখ্যালঘুদের সুরক্ষা, নিরাপত্তা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
গত ১৩ আগস্ট রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে হিন্দুদের সঙ্গে কথা বলেছিলেন ড. ইউনূস। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক সহিংসতায় যারা সংখ্যালঘুদের ওপর হামলা চালিয়েছে তাদের শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।