পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের লক্ষ্য সেরা ব্যাটসম্যান বাবর আজমের উইকেট নেওয়া। লাহোর থেকে পাঠানো অডিও বার্তার মাধ্যমে এই বামহাতি পেসার জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে নিজের লক্ষ্যের কথা। কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি খেলে বাংলাদেশে এসে ফের পাকিস্তানে গেছেন শরিফুল।
অনুশীলন সুবিধা পর্যাপ্ত হলেও আবহাওয়াটা তাই তার কাছে মনে হচ্ছে একটু অস্বস্তির, ‘আলহামদুলিল্লাহ, পিসিবি আমাদের জন্য ভালো প্রস্তুতির ব্যবস্থা করেছে। আমরা এখানকার আবহাওয়া খুব উপভোগ করছি। কিছুটা গরম আছে, কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে। ইসলামাবাদেও গরম ছিল।’
পাকিস্তানের উইকেট নিয়ে শরিফুলের ভাবনায় ঘাস, ‘প্রথমত আমি এখনও রাওয়ালপিন্ডির উইকেট দেখিনি। আমি শুনেছি তারা কিছু ঘাস রাখছে উইকেটে। আমরা আশা করছি ঘাস থাকবে। প্রতিটা পেস বোলারই কিছুটা ঘাস ও সিম মুভমেন্ট থাকা পছন্দ করে। এটা পেসারদের জন্য ভালো। অবশ্য শরিফুলের ভাবনায় যেটা ভাল, বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যানদের জন্য সেটাই হতে পারে দুঃস্বপ্ন। জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলামরা ঘাস থাকা উইকেটে নাসিম শাহ, শাহিন শাহদের বল কিভাবে খেলবেন সেটাও বড় বিষয়। বিশেষ করে পাকিস্তানের কোচ যেখানে বলেই দিয়েছেন ৪ পেসার খেলানোর কথা!’
অবশ্য ব্যাটিং নিয়ে ভাবনাটা শরিফুলের কাজও নয়। তার কাজ বল করা, প্রতিপক্ষের উইকেট তুলে নেয়া। সেই জায়গায় প্রতিপক্ষের সেরা ব্যাটসম্যানের স্টাম্প ভাঙ্গাই তার লক্ষ্য, ‘মনে হয় বাবর আজম সবচেয়ে কঠিন ব্যাটার। আমাদের তাকে তাড়াতাড়ি ফেরাতে হবে। আমার স্বপ্নের উইকেট বাবর আজম। আমি যদি তার উইকেট পাই, খুব খুশি হবো। আমি তার সঙ্গে শেষ এলপিএল খেলেছি। উনি খুব ভালো মানুষও।’
এই ভাল মানুষের উইকেটটাই পেতে চান শরিফুল, সুযোগ আছে ৪ বার নেবার তবে কতবার তাকে ব্যাটিংয়ে নামানো যাবে সেটা কিন্তুনির্ভর করবে শরিফুলের সতীর্থদের উপর।
বিশ্বকাপের পর শরিফুল দেশে লাল বলের অনুশীলনে ছিলেন না। খেলেছেন এলপিএল ও গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। এতে করে খুব একটা সমস্যা দেখছেন না এই পেসার, প্রস্তুতি হয়ে যাবে টেস্ট শুরুর আগেই, ‘আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিতে হচ্ছে। আমাদের মানিয়ে নিতে হবে। আমার আরও কিছুদিন সময় হাতে আছে। আমার আরও কিছু প্রস্তুতি নিতে হবে ফিটনেস ও বোলিং ওয়ার্কলোড নিয়ে। আমার মনে হয় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি।’