বক্স অফিসে ‘স্ত্রী-২’ ঝড়, ছাড়িয়েছে অ্যানিম্যাল এবং পাঠানের আয়

শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী-২’ ভারতের স্বাধীনতা দিবসে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। ছবিটি ২০২৩ সালের হিট হওয়া অ্যানিম্যাল এবং পাঠানের প্রথম দিনের আয় ছাড়িয়ে গেছে। সিনেমা মুক্তির প্রথম দিনে অ্যানিম্যাল এবং পাঠান আয় করেছিল যথাক্রমে ৬৩.৮ কোটি এবং ৫৭ কোটি টাকা। সেখানে বুধবার রাতে মুক্তির পর ‘স্ত্রী ২’ আয় করেছে ৬৪.৮ কোটি রুপি।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ‘স্ত্রী-২’-এর প্রিভিউ শো ছিল, এরপর বৃহস্পতিবার প্রকাশ্যে আসে। দুই দিনেই ছবিটি মোট আয় করেছে ৬৪.৮ কোটি রুপি। বুধবার রাতে ছবিটি ৯.৪ কোটি টাকা এবং বৃহস্পতিবার ৫৫.৪ কোটি টাকা আয় করেছে।

অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ এখন পর্যন্ত বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার। এর আগে, বছরের সবচেয়ে বড় হিন্দি ব্লকবাস্টার ছিল হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার, যা জানুয়ারিতে প্রথম দিনে ২৪.৬ কোটি টাকা আয় করেছিল। হিন্দি, তেলেগু এবং তামিলসহ একাধিক ভাষায় মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ প্রথম দিনে ৯৫ কোটি টাকা আয় করেছে।

‘স্ত্রী ২’ জন আব্রাহামের ‘ভেদা’ এবং অক্ষয় কুমার অভিনীত ‘খেল খেল মে’র সঙ্গে প্রতিযোগিতায় শুরু করে। ‘ভেদা’ তামিল ও তেলেগু ভাষাতেও মুক্তি পেলেও গোটা ভারতে মাত্র ৬.৫২ কোটি রুপি আয় করেছে, অপরদিকে ‘খেল খেল মে’ আয় করেছিল মাত্র ৫ কোটি রুপি।

রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর অভিনীত এ সিনেমা প্রযোজক দীনেশ বিজনের হরর-কমেডি ইউনিভার্সের একটি অংশ, যা ২০১৮ সালে স্ত্রী দিয়ে শুরু হয়েছিল। এর মধ্যে রয়েছে রুহি, ভেদিয়া এবং মুঞ্জিয়া। মুঞ্জিয়া এই বছরের শুরুতে খুব বেশি প্রচার ছাড়াই মুক্তি পেয়েছিল এবং থিয়েটারে চলাকালীন ১০৭.৪৮ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছিল। এটি ফাইটার (১৯৯.৪৫ কোটি টাকা) এবং শয়তান (১৪৯.৪৯ কোটি টাকা)-এর পর বছরের তৃতীয় সর্বোচ্চ হিন্দি হিট সিনেমা।

উল্লেখ্য, রাজকুমার রাও-শ্রদ্ধা কাপুর ছাড়াও ‘স্ত্রী ২’-এ আরও অভিনয় করেছেন অপারশক্তি খুরানা, পঙ্কজ ত্রিপাঠি, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমুখ।