সময় চেয়েছে বিসিবি, যে দেশ বিশ্বকাপ আয়োজনে আগ্রহী

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরটি অক্টোবরে বাংলাদেশে বসার কথা। তবে রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা ইস্যু নিয়ে উঠেছে প্রশ্ন। তাই বাংলাদেশ থেকে টুর্নামেন্ট সরে যাওয়ার শঙ্কা জেগেছে। আইসিসি আয়োজক হওয়ার অনুরোধ করলে বিসিসিআই না করে দেয়। তাতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা পড়েছিল বিপাকে। নতুন ভেন্যু খোঁজায় যখন মরিয়া, তখন এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরাত।

আমিরাতের আগ্রহের বিষয়টি জানিয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ। এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, বিসিবিকে ২০ আগস্ট পর্যন্ত সময় দিয়েছে আইসিসি। এর আগে বিসিবিকে ১৫ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে বিসিবির অনুরোধে ৫ দিন সময় বাড়ানো হয়েছে। সেদিন পরিচালকদের নিয়ে অনলাইনে একটি মিটিং রাখা হয়েছে। অন্যান্য এজেন্ডার পাশাপাশি বিশ্বকাপ ভেন্যু নিয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে সে মিটিংয়ে।

কেবল সংযুক্ত আরব আমিরাতই যে বিশ্বকাপ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে, এমন নয়। মধ্যপ্রাচ্যের দেশটির পাশাপাশি শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েও বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে তাদের আগ্রহ জানিয়েছে।

আগেই বলা হয়েছিল, বাংলাদেশের কাছাকাছি কোনো টাইম জোনের দেশকে আয়োজক বানাতে চায় আইসিসি। সেদিক বিবেচনায় সংযুক্ত আরব আমিরাতই এগিয়ে থাকে। আবার ক্রিকেট অবকাঠামো ও কন্ডিশনের কারণেও মধ্যপ্রাচ্যের দেশটিকে এগিয়ে রাখা হয়েছে ক্রিকবাজের প্রতিবেদনে।

এর আগে টুর্নামেন্টের নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে বিসিবি সেনাপ্রধানকে চিঠি দিয়েছিল। বিসিবি সূত্রের খবর, কী করা যায় তা দেখার জন্য উভয় পক্ষই নিয়মিত যোগাযোগ করছে। কিন্তু গত মাসে সহিংসতা শুরুর পর দেশ ছেড়েছেন বিসিবির দীর্ঘদিনের সভাপতি নাজমুল হাসান পাপনসহ বেশ কয়েকজন কর্মকর্তা।