নেপালে বাংলাদেশের যুবা ফুটবলাররা

ছেলেদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে আগামী রবিবার থেকে। সেই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল ইতোমধ্যে নেপালের উদ্দেশ্যে বিমান ধরেছে। বাফুফে জানিয়েছে, আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫ মিনিটে ঢাকা ছেড়ে গেছে ফুটবলারদের বহনকারী বিমানটি।

টুর্নামেন্টে বাংলাদেশের কোচের গুরুদায়িত্ব মারুফুল হকের কাঁধে। খুব বেশি সময় পাননি দলকে গোছানোর। তবে যতটুকু সময় দিয়েছেন তাতে আত্মবিশ্বাসী ফুটবলাররা।

দলটির স্ট্রাইকার রাব্বি হোসেন রাহুল তাই বলেছেন, ‘বয়সভিত্তিক দলে আমরা আগে যেসব কোচ পেয়েছি, তাদের কৌশল একরকম। তবে মারুফুল স্যারের কৌশল আলাদা। আমরা যেটুকু সময় পেয়েছি সব রপ্ত করার চেষ্টা করেছি। আশা করছি ভালো করতে পারব টুর্নামেন্টে।’

আসরে স্বাগতিক নেপালসহ অংশ নেবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে লড়বে ভারত, ভুটান ও মালদ্বীপ। ১৮ আগস্ট শ্রীলঙ্কা ও নেপাল ম্যাচ দিয়ে আসর গড়াবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ আগস্ট, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপপর্বের শেষ ম্যাচটি খেলবে ২২ আগস্ট নেপালের বিপক্ষে। সবগুলো ম্যাচই বিকেল চারটায় দশরথ স্টেডিয়ামে গড়াবে।

২৫ ও ২৬ আগস্ট সেমিফাইনাল এবং ২৮ আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে। ম্যাচগুলো বিকেল সাড়ে ৫টায় শুরু হবে।