কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণের প্রতিবাদে জাবিতে মোমবাতি প্রজ্জ্বলন

কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে যাওয়া বর্বরোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং আন্দোলনকারীদের প্রতি সংহতি জানিয়ে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা।

শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও অংশ নেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক আহসান লাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তার। 

তিনি বলেন, ‘অন্যায়কারীদের প্রতিহত করতেই আমাদের আজকের এই সংহতি। আমাদের এই সংহতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। সারা বিশ্বের কোথাও যদি এই ধরনের কোন নিপীড়ন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, আমরা স্থান-কাল-পাত্র নির্বিশেষে তার বিরুদ্ধে প্রতিবাদ করব।’

সমাপনী বক্তব্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার সমন্বয়ক আব্দুর রশিদ জিতু বলেন, সম্প্রতি এদেশের শিক্ষার্থীরা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে কলকাতার সাধারণ মানুষ আমাদের পাশে দাড়িয়েছে। আজ আমরাও তাদের পাশে দাড়াতে চাই। কলকাতায় যে ঘটনা ঘটেছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। ভারত সরকারকে এ ঘটনায় সুষ্ঠু বিচারের আহবান করছি। যাতে করে আর কেউ এ ধরনের অপকর্মের সাহস না পায়।