সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতারের বিষয়ে সংশোধনী দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটি বলছে, গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে সেনাবাহিনীর সদস্যরাই তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। এর পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে এই সংশোধনী পাঠানো হয়।
ডিএমপি জানায়, এনটিএমসির সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন।
এর আগে শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে ডিএমপি জানিয়েছিল রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাত ৮টা ৩৫ মিনিটের দিকে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে ক্ষুদেবার্তা পাঠিয়ে জানানো হয়, সেনাবাহিনীর সদস্যরা সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানকে পুলিশের কাছে হস্তান্তর করে।