ইপিএলে দারুণ শুরুর অপেক্ষায় লিভারপুল কোচ স্লট

ইয়ুর্গেন ক্লপের পর লিভারপুলের হাল ধরেছেন আর্না স্লট। উদ্যমী হিসেবে পরিচিত স্লট, তিনি খেলোয়াড়দের কাছ থেকে সেরাটা আদায় করে নেন এবং টেকসই কাজের নীতিতে বিশ্বাসী।

লিভারপুল প্রাক-মৌসুম প্রস্তুতিতে পাঁচটি ম্যাচ খেলে চারটিতে জিতেছে। হারিয়েছে সেভিয়া, ম্যানচেস্টার ইউনাইটেড, আর্সেনাল ও বেতিসকে। তবে সবশেষ লাস পালমাসের বিপক্ষে গোলশূন্য ড্র করে অলরেডরা।

ক্লপ-পরবর্তী সময়ে আগামীকাল শনিবার লিভারপুল খেলবে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। মৌসুমের শুরুতে ইংলিশ প্রিমিয়ার লিগে অলরেডরা মুখোমুখি হবে ইপসউইচ টাউনের। ২২ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেছে ইপসউইচ।

কোচ হিসেবে ইপিএলে নিজের প্রথম ম্যাচের অনূভুতি সম্পর্কে স্লট বলেন, ‘অবশ্যই উল্লসিত। প্রাক-মৌসুমের পর খেলোয়াড়, কোচ সবাই চাইবে দারুণ এক শুরুর। গেল কয়েক সপ্তাহ ধরে মৌসুম শুরুর অপেক্ষাই করছিল সবাই।’

মৌসুমে লিভারপুলের প্রত্যাশা কী? ম্যাচের আগের দিন শুক্রবার সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে স্লট বলেন, ‘ক্লপ দলকে ভালো অবস্থানে রেখে গেছেন। গেল মৌসুমেও লিভারপুল শিরোপা জেতার কাছাকাছি ছিল। এই মৌসুমেও আমাদের লক্ষ্য থাকবে শিরোপা জেতা। বিষয়টি কঠিন হবে। কেননা প্রিমিয়ার লিগের অনেকগুলো দল বেশ ভালো এবং শক্তিশালী। তবে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

গত মৌসুমজুড়ে শিরোপার দৌড়ে ফেভারিট থাকার পরও শেষদিকে এসে লিগে তৃতীয় স্থানে শেষ করে লিভারপুল।