রাজশাহীতে বাড়ি ভাঙচুর, লুটপাট এবং গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাত পরিচয় আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু গত বৃহস্পতিবার রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন-রাসিক প্যানেল মেয়র-১ ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ, যুগূ সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রয়েল, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, রাসিক ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও শাহ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক তৌহিদুল হক সুমন।
মামলার এজাহারে বলা হয়, গত ২২ জুলাই আসামিরা দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, রামদা, চাইনিজ কুড়াল, ধারালো চাকু, জিআই পাইপ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তার ষষ্ঠতলার বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় তারা বাড়ির ভেতর প্রবেশ করে ইলেকট্রনিক্স সামগ্রী, প্রয়োজনীয় ব্যবহৃত পণ্য লুট এবং ভাঙচুর করে। এ সময় আসামিরা আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ৩ লাখ ২৫ হাজার টাকা লুট করে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। এ সময় আসামিরা তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।