বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফ ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ২১ কোটি টাকা মূল্যের প্রায় চার কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। গত বৃহস্পতিবার রাতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এ পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক আবদুল্লাহ আল মাশরুকীর নেতৃত্বে রেজুপাড়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল ফুটেরঝিরি এলাকায় অভিযান চালায়। সেখান থেকে রাত ১টার দিকে দুই কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এর আগে গত বুধবার রাতে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নাইট্যংপাড়া সীমান্ত এলাকার পরিত্যক্ত একটি বস্তি বাড়িতে পাচারের উদ্দেশ্যে মিয়ানমার থেকে আনা মাদকদ্রব্য রয়েছে। পরে রাতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি মাদকবিরোধী আভিযানিক দল বর্ণিত স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে দুজন ব্যক্তি ঘরের পেছন দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে টহলদল তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ঘরের এক কোণে গর্ত খুঁড়ে জাল দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১ কেজি ৭৯৩ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়। বিজ্ঞপ্তি