বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে উপমহাদেশ। বাংলাদেশে সম্প্রতি ছাত্র-গণআন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ভারতে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় চলছে আন্দোলন। অন্যদিকে পাকিস্তান উত্তাল হয়ে আছে সাবেক প্রেসিডেন্ট তথা বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তির দাবিতে। এমতাবস্থায় পাকিস্তানে দুই টেস্টের সিরিজ খেলতে গেছে বাংলাদেশ।
‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, উদ্ভুত পরিস্থিতিতে পাকিস্তানে ইন্টারনেট সেবা সীমিত করে দেওয়া হয়েছে। কমানো হয়েছে গতি। এতে সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে শুরু করে ইন্টারনেটভিত্তিক যোগাযোগের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। তাই অনেক ক্রিকেটার পাকিস্তান থেকে দেশের সঙ্গে যোগাযোগে সমস্যায় পড়েছেন। এটা তাদের মাঠের বাইরের সময়টুকু ঠিক স্বচ্ছন্দবোধ করছেন না বলে গণমাধ্যমটির দাবি।
এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। এদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে ‘স্পোর্টসকিড়া’ জানিয়েছে, এ বিষয়ে সফরকারী দলের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। বিসিবির একটি সূত্র বলেছে, আপাতত স্থানীয় নম্বর দিয়ে ক্রিকেটারদের দেশের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। রাওয়ালপিন্ডিতে আগামী ২১ আগস্ট থেকে মাঠে গড়াবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট।