স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় দেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।
ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ’আমার যতটুকু করার সাধ্য ছিল, করে আসছি। এতে মন খারাপের কিছু নেই।’
এসময় তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা করার বিষয়ে বলেন, ‘এখন যেখানে দিয়েছে, সেখানে কাজ করতে পারলে করবো, যদি অপারগ হলে চলে যাব।’
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় নতুন উপদেষ্টাদের দায়িত্ব বন্টন করা হয় এবং দায়িত্ব পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে।
পুনর্বণ্টন করা মন্ত্রণালয়ের বেশ কয়েকজন উপদেষ্টাকে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে নতুন করে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আসিফ নজরুলকে আইন মন্ত্রণালয়ের সঙ্গে নতুন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের পরিবর্তে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সঙ্গে এখন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করবেন।
সমন্বয়কদের থেকে আসা দুই উপদেষ্টাও নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়েরে সাথে নতুন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দেয়া হয়েছে।