কুমিল্লায় গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, তিন যাত্রীর মৃত্যু

কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিন যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ আগস্ট) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুই যাত্রী গুরুতর আহত হন।

নিহতরা হলেন মোজাম্মেল, শাখাওয়াত ও গাড়িচালক তারেক। তারা সবাই ইনস্যুরেন্স কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী। দাপ্তরিক কাজে ঢাকা থেকে কক্সবাজারে যাচ্ছিলেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাস্ট ইসলামী ইনস্যুরেন্স কোম্পানির স্টিকার ও লোগো লাগানো ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। মাইক্রোবাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের লাশ চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।