প্রতারণার মাধ্যমে কেউ মুক্তিযোদ্ধা হিসেবে সনদ নিয়েছেন বলে শনাক্ত হলে তাকে শাস্তি পেতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা কোটায় কী পরিমাণ চাকরি হয়েছে এবং মুক্তিযোদ্ধারা কী অবস্থায় আছেন সংখ্যাগতভাবে এবং কারা কারা মুক্তিযোদ্ধা হয়েছেন এ সমস্ত কিছু আমরা জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব।’ গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন ফারুক-ই-আজম। তিনি বলেন, ‘মুক্তিযোদ্ধা নানা আঙ্গিকে হয়েছে, নানাভাবেও হয়েছে। সবকিছু যাচাই-বাছাই করে যাদের সত্যিকার পাব তারা থাকবে এবং যাদের পাব না তাদের চলে যেতে হবে।’