চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শনিবার ভোরে গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এদিকে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক এমপি ও সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে আদালত।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক এমপি লতিফকে গতকাল ভোরে বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। এ ঘটনায় ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়।
এদিকে রমেশ চন্দ্র সেনকে শুক্রবার রাতে সদর উপজেলার রুহিয়ায় বাসভবন থেকে আটক করে সাদা পোশাকধারী পুলিশের একটি দল। গতকাল দুপুরে তাকে আদালতে নেওয়া হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক রাজিব কুমার রায় তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার বাসিন্দা রিপন ওরফে বাবু বাদী হয়ে গত শুক্রবার রাতে সাবেক এমপি রমেশ চন্দ্র সেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সমীর দত্ত, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মজিদ আপেলসহ ৪০ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা অনেককে আসামি করে মামলা করেন।