মাঙ্কিপক্স নিয়ে শাহজালালে সতর্কতা জারি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাঙ্কিপক্স নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে দেশে রোগটির সংক্রমণ প্রতিরোধে বিশেষ সতর্কতা জারি করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্র্তৃপক্ষ। আফ্রিকাসহ ছড়িয়ে পড়া দেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় বিমানবন্দরের আগমনী চ্যানেলে সার্বক্ষণিক একটি চিকিৎসক দল নিয়োজিত রাখা হয়েছে।

গতকাল শনিবার শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

ওই নির্দেশনায় বলা হয়, মাঙ্কিপক্স বিষয়ে এয়ারলাইনসগুলোকে সতর্ক থাকতে হবে। এই রোগের লক্ষণযুক্ত কোনো যাত্রী থাকলে দ্রুত তা স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। এ ছাড়া বাংলাদেশে আসার ২১ দিনের মধ্যে কোনো যাত্রীর শরীরে মাঙ্কিপক্সের লক্ষণগুলো দেখা দিলে ১০৬৫৫ নম্বরে কল করতেও অনুরোধ করা হয়।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক জনস্বাস্থ্য সতর্কতার পর গত শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক), বিমানবন্দর কর্র্তৃপক্ষ, এয়ারলাইনস, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়। অপারেশনস মেম্বার এয়ার কমোডর এ এফ এম আতীকুজ্জামান বৈঠকে সভাপতিত্ব করেন।