বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সিএজি কার্যালয়ের অধীনস্থ কার্যালয় সমূহের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ রবিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর কাকরাইলের অডিট ভবনের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কামরুন নাহার, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) রেফায়েত উল্লাহ ও ডিসিএজি (সিনিয়র) এস এম রেজভীসহ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হতে সিএজি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের নিন্দা এবং জড়িত দুর্বৃত্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে মুখোশ পরা একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালায় সিএজি কার্যালয়ে। এসময় তারা সিএজিকেও লাঞ্ছিত করে।