নোবিপ্রবির ভিসির পদত্যাগের দাবিতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. দিদার উল আলমকে স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার পদত্যাগের দাবিতে তালা ভেঙে বাসভবনে প্রবেশ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

রবিবার (১৮ আগস্ট) দুপুরে প্রশাসনিক ভবন ও উপাচার্য ভবন ঘেরাও করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা উপাচার্য ভবনের তালা ভেঙে বাসভবনে প্রবেশ করে। 

সমাবেশে বক্তব্য রাখেন, নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বনি ইয়ামিন, মেহেদী হাসান, জাহিদুল ইসলাম হাসান, হাসিব আহমেদ প্রমূখ।   

শিক্ষার্থীরা বলেন, বিগত সময়কালে ঘটে আসা বিভিন্ন অনাচারের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহনযোগ্যতা হারিয়ে ফেলেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের অসহযোগিতা করায় উপাচার্য ও উপ- উপাচার্যসহ অনুগতদের স্বেচ্ছায় পদত্যাগ করার দাবি জানান তারা।