সৌদিতে এক সপ্তাহে শ্রম আইন লঙ্ঘনের ২০ হাজার অভিযোগ

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২০ হাজার আবাসন, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। ৮ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযানে এ তথ্য পাওয়া যায়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিযানে ১৯ হাজার ৯৮৯টি আইন লঙ্ঘনের তথ্য রেকর্ড করা হয়েছে। যার মধ্যে ১২ হাজার ৬০৮টি আবাসন সম্পর্কিত, ৪ হাজার ৫১৯ সীমান্ত সুরক্ষা এবং ২ হাজার ৮৬২টি শ্রম আইন সম্পর্কিত। এ সময় সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টাকালে ৯১৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৩২% ইয়েমেনি, ৬৫% ইথিওপীয় ও অন্যান্য দেশের ৩% রয়েছে। এদিকে অবৈধভাবে সৌদি ছাড়ার চেষ্টাকালে ৩৪ জন এবং পরিবহন, আশ্রয় এবং নিয়োগ আইন লঙ্ঘনের অভিযোগে ৯ জনকে আটক করা হয়।

বর্তমানে ১৪ হাজার ৪৯১ জন পুরুষ ও ১ হাজার ৩১২ জন নারীসহ ১৫ হাজার ৮০৩ জন প্রবাসী প্রবিধানমালা বাস্তবায়নের প্রক্রিয়াধীন রয়েছেন। আটকদের মধ্যে ৫ হাজার ২৮ জনকে যথাযথ ভ্রমণ ডকুমেন্টেশন পেতে নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে বলা হয়েছে। ২ হাজার ৯৫৫ জনকে তাদের দেশে ফেরার ব্যবস্থা করতে বলা হয়েছে এবং ১১ হাজার ৩৬১ জনকে ইতিমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পরিবহন, আশ্রয় প্রদানসহ দেশে অবৈধ প্রবেশের চেষ্টা করা কাউকে সুবিধা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সেই সঙ্গে যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।