দিনাজপুরে হোমিওপ্যাথিক মেডিকেলের অধ্যক্ষকে পদত্যাগের আল্টিমেটাম 

দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন রায়কে দায়িত্ব হতে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার (১৮ আগস্ট) দুপুরে অধ্যক্ষের কার্যালয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। 

এর আগে ১৫ আগস্ট দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় বরাবর বিভিন্ন অনিয়মের অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন শিক্ষার্থীরা। 

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ফি গ্রহণের পরেও আইডি কার্ড না দেয়া, ইন্টার্নির কাগজপত্র নিতে হয়রানি, বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের সহায়তা না করে কালক্ষেপণ, মেধাবী প্রকৃত শিক্ষার্থীদের বেতন মওকুফ না করে পক্ষপাতিত্ব করা, অডিট রিপোর্টে দুর্নীতি, যোগদানের তারিখ প্রতিষ্ঠানকে না জানানো, হোস্টেল সুপারের দায়িত্ব পালন করলেও হলে থাকার পরিবেশ তৈরি না করা, বছরের পর বছর অডিট রিপোর্ট না দেয়ায় আর্থিক অনুদান থেকে প্রতিষ্ঠানকে বঞ্চিত করা, ফর্ম পূরণের সময় বকেয়া মাসের বেতন বাড়তি দেখানো ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের মনোনীত শিক্ষক অনুপস্থিত থাকলেও উপস্থিত দেখানো হয়।

এসব অভিযোগ পুরোপুরি সত্য নয় বলে জানিয়েছেন দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন রায়। তিনি জানান, আনিত এসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ২৪ ঘণ্টা সময় যথেষ্ট নয়। এগুলো যাচাই-বাছাই করা দরকার। 

সোমবার (১৯ আগস্ট) দুপুরের মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে মনোরঞ্জন রায়কে পদত্যাগ করানো‌ হবে বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা।