দুধ দিয়ে গোসল করেও শেষ রক্ষা হচ্ছে না আ.লীগ চেয়ারম্যানের

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না তার। রবিবার (১৮ আগস্ট) তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। 

বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদের অপকর্মের শেষ নাই। তার দল ক্ষমতাচ্যুত হওয়ার পর অপকর্ম ঢাকতে দুধ দিয়ে গোসলের পর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ ও দল ত্যাগ করেন। কিন্তু এই মাসুদ গত ৪ আগস্ট দেবিদ্বার সদর এলাকায় আওয়ামী লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সাথে ছাত্র-জনতার উপর প্রকাশ্যে হামলা করেছেন। তাদের হামলায় একজন নিহত, ২৫ আহত হয়েছেন। ওইদিন মাসুদ যা করেছেন তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে আব্দুল আলিম ও আবু মুসা নামের দুইজন স্থানীয় বাসিন্দা বলেন, ইউনিয়ন পরিষদ ও মাসুদের বাড়ি টর্চার সেল হিসেবে পরিচিত ছিল। যাতে তাকে ধরে এনে চালাতেন নির্যাতন।

এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদকে একাধিকবার কল দিলেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।  

এর আগে গতকাল শনিবার (১৭ আগস্ট) দুপুরে নিজ বাড়ির ছাদে বসে দুধ দিয়ে গোসল করেন তিনি। এ সময় কামরুজ্জামান মাসুদ বলেছিলেন, আমি জনগণের ভোটে ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। দলীয় চেয়ারম্যান নই। আমি কখনোই চাইনি ছাত্র-জনতার বিপক্ষে যেতে। গত ৪ আগস্ট দেবিদ্বার সদরে কি হবে তা আমি জানতাম না। আমাকে দলের সিনিয়র নেতৃবৃন্দ ভুল বুঝিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। তারা আমাকে বলেছেন- বাংলাদেশে যে সকল ছাত্র-জনতা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রকাশ করা হবে। তাই দেবিদ্বার স্বাধীনতা চত্বরে শোক র‌্যালি ও শোকসভার আয়োজন করা হয়। সেখানে গিয়ে দেখলাম ছাত্র-জনতার সাথে তারা সংঘর্ষে জড়িত হয়েছে। আমি দুই গ্রুপের মাঝখানে পড়ে গিয়েছিলাম। যা আমি মেনে নিতে পারিনি। তাই স্বেচ্ছায় দল ত্যাগ করলাম।