উপকূলীয় এলাকায় লঘুচাপের ফলে আগামীকাল সোমবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বেড়ে তা অব্যাহত থাকতে পারে বৃহস্পতি বা শুক্রবার পর্যন্ত।
রোববার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, ‘মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ও লঘুচাপের কারণে সারা দেশে বৃষ্টি বেড়েছে। আগামীকাল (সোমবার) তা আরও বাড়তে পারে। ঢাকাতেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে।’
এদিকে ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা থাকায় তিন সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকা কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেতও বহাল রেখেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।
আগামী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের বিস্তৃতি আরও বাড়তে পারে। অধিদপ্তর বলছে, দেশের বেশির ভাগ অঞ্চলেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গল ও বুধবার।