অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা সবাই সমর্থন দিচ্ছি। কারণ যেসব মৌলিক কাঠামো ও প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এগুলোকে একটা ট্র্যাকে আনতে হবে। আমরা আশা করি সামনের কাজগুলো যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন।’
গতকাল রবিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আমীর খসরু হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, ‘আন্দোলনে ছাত্র-জনতার ওপর নির্বিচারে যেভাবে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। তারা যে এখনো বেঁচে আছে, এটা আশ্চর্যের ব্যাপার। অনেকের অবস্থা এখনো জটিল। তাদের পরিবারের কাজ-কর্ম সব বন্ধ। ওরা তো সবাই এখন বিচারের অপেক্ষায় আছে। বাংলাদেশে ইতিহাসে এ ধরনের নির্বিচারে গুলি করে হত্যাকা- আর ঘটেছে বলে মনে হয় না।’
আহতের দায়িত্ব এখন কে নেবে এমন প্রশ্ন রেখে আমীর খসরু বলেন, ‘অনেকে অন্ধ হয়ে গেছে। অনেকের পা চলে গেছে, আবার অনেকের পা থেকেও সেটি অবশ হয়ে গেছে। তারা হাঁটাচলা করতে পারবে না। এমন দুর্বিষহ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে এদের পুনর্বাসনের বিষয় আছে। এদের ত্যাগের বিনিময়ে যদি বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে তবেই আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পাব।’
তিনি আরও বলেন, ‘খারাপ-ভালো বিবেচনা করার যোগ্যতা আমাদের নতুন প্রজন্মের রয়েছে। যারা প্রাণ দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে।’